জগদ্ধাত্রী পুজোর অধিবাস বেলুড় মঠ সারদাপীঠে - The News Lion

জগদ্ধাত্রী পুজোর অধিবাস বেলুড় মঠ সারদাপীঠে




দি নিউজ লায়ন ;   পরম্পরা ও রীতি মেনেই রবিবার সন্ধ্যায় শ্রীশ্রীরামকৃষ্ণদেবের সন্ধ্যারতির পর বেলুড় মঠ সারদাপীঠে দেবী জগদ্ধাত্রীর অধিবাস হল। আগামীকাল সোমবার সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা অনুষ্ঠিত হবে। এবার করোনা পরিস্থিতিতে বেলুড় রামকৃষ্ণ মিশন সারদাপীঠের জগদ্ধাত্রী পুজোয় জনসাধারণের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


সকলকে অনলাইনে ইউটিউবে পুজো দেখার অনুরোধ জানানো হয়েছে। দীর্ঘ ৭৫ বছরের এই পুজো এবার হচ্ছে মা সারদার প্রার্থনা কক্ষে। নব্বইয়ের দশক পর্যন্ত এই কক্ষেই হত পুজো। তারপর থেকে প্রার্থনা কক্ষের পাশে কংক্রিটের বেদিতে হত এই পুজো। 


এবছর করোনা পরিস্থিতিতে ফের প্রার্থনা কক্ষেই হচ্ছে জগদ্ধাত্রী পুজো। পুজোর সরাসরি সম্প্রচার সারদাপীঠ ও বেলুড়মঠের নিজস্ব ওয়েবসাইটে দেখা যাবে। সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা মিলেই করবেন এই পুজো। আজ ২২ নভেম্বর সন্ধ্যায় বেলুড় মঠে শ্রীশ্রীরামকৃষ্ণদেবের সন্ধ্যারতির পরে জগদ্ধাত্রী পুজোর অধিবাস হয়। আগামীকাল ২৩ নভেম্বর সারা দিন চলবে পুজো। ২৪ নভেম্বর সন্ধ্যায় বেলুড় মঠে সারদা মায়ের ঘাটেই হবে প্রতিমা বিসর্জন।


বেলুড় রামকৃষ্ণ মিশন সারদাপীঠ সূত্রের খবর, করোনা অতিমারীর পরিস্থিতিতে পুজো সংক্ষেপে করা হচ্ছে। প্রতি বছর প্রায় ৩০ হাজার মানুষ পুজো দেখেন, প্রসাদ গ্রহণ করেন এবং পুষ্পাঞ্জলি দেন। হাওড়ার পাশাপাশি হুগলি, বাঁকুড়া, বর্ধমান প্রভৃতি জেলার দুরদুরান্ত থেকেও বহু মানুষ জগদ্ধাত্রী পুজোয় আসেন।


 এবারে তাঁদের সশরীরে উপস্থিত থেকে পুজো দেখার সুযোগ দেওয়া যাবেনা। পুজো অনলাইনে ইউটিউবে দেখা যাবে। পুজো সরাসরি সম্প্রচার করা হবে। সারদাপীঠের পক্ষ থেকে এই বছর অনলাইনে পুজো দেখার আবেদন রাখা হচ্ছে ভক্তদের কাছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.