শিবপুর বোটানিক্যাল গার্ডেনে প্রথম পর্যায়ে প্রবেশাধিকার পাবেন বৈধ প্রাতঃভ্রমণকারীরাই - The News Lion

শিবপুর বোটানিক্যাল গার্ডেনে প্রথম পর্যায়ে প্রবেশাধিকার পাবেন বৈধ প্রাতঃভ্রমণকারীরাই




দি নিউজ লায়ন ;  ১ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে প্রাতঃভ্রমণকারীদের জন্য খুলে দেওয়া হচ্ছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। কোভিড বিধি মেনেই খোলা হবে গার্ডেন। প্রথম পর্যায়ে প্রবেশাধিকার পাবেন শুধুমাত্র বৈধ প্রাতঃভ্রমণকারীরাই।প্রাতঃভ্রমণকারীদের সংগঠন বোটানিক্যাল গার্ডেন রোড ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস দাস বলেন, "অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোভিড বিধি মেনে প্রথম থেকেই গার্ডেন খোলার দাবি জানিয়ে আসছিলাম আমরা।   আন্দোলনকারীদের সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 


এখনও কোভিড বিধি কঠোরভাবে আমাদের সকলকে মেনে চলতে হবে।" প্রথম পর্যায়ে অনুমতি দেওয়া হচ্ছে কেবল বৈধ প্রাতঃভ্রমণকারীদের।পরে দ্বিতীয় পর্যায়ে সাধারণ পর্যটকদের জন্য গার্ডেনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে সেই তারিখ এখনও চূড়ান্ত হয়নি। করোনা পরিস্থিতিতে গত ১৮ মার্চ থেকে বন্ধ ছিল শিবপুরের বোটানিক্যাল গার্ডেন। প্রায় দীর্ঘ আট মাস পর কাল থেকে গার্ডেনের গেট খুলতে চলেছে। 


এখন ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত দু'ঘণ্টা প্রাতঃভ্রমণ করা যাবে। মেনে চলতে হবে সমস্ত রকম স্বাস্থ্যবিধি। প্রত্যেক প্রাতঃভ্রমণকারীকে মাস্ক পরে গার্ডেনে প্রবেশ করতে হবে। তাদের সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। 


বসার সিটে থাকবে ক্রস মার্কিং। তিনজনের সিটে বসবেন দু'জন। মাঝখানের সিটে ক্রস মার্কিং থাকবে। প্রত্যেকটি গেটে থাকবে স্যানিটাইজার। গেটে ঢোকার সময় থার্মাল স্ক্রিনিং করা হবে। উদ্যানে প্রাতঃভ্রমণের জন্য যাদের এন্ট্রি পাসের বৈধতা রয়েছে শুধুমাত্র তাদেরই প্রাতঃভ্রমণে অনুমতি মিলবে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.