পাঁশকুড়ার কোভিড হাসপাতালে ভাঙচুর
দি নিউজ লায়ন ; পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় কোভিড হাসপাতালে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল এক দল পর্যটকের বিরুদ্ধে। ১০ থেকে ১২ জন পর্যটক হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। জানালার কাচ ভেঙে দেয়া হয়। পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীদের মারধর করা হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পাঁশকুড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতার ১২জন পর্যটক রবিবার রাতে পাঁশকুড়ার একটি হোটেলে ছিলেন। সেখানে একটি পার্টি চলছিল। ওই পার্টিতে আচমকা একজন পর্যটক অসুস্থ হয়ে পড়েন। বাকিরা ওই অসুস্থ ব্যক্তিকে নিয়ে পাশের বড়মা কোভিড হাসপাতালে নিয়ে আসেন।
কিন্তু হাসপাতালটি কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট হওয়ায় সেখানকার নিরাপত্তারক্ষীরা তাদের পাশের একটি সরকারি হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করেন। অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন পর্যটকরা। নিরাপত্তারক্ষীদের প্রথমে বেধড়ক মারধর করা হয় এবং সরাসরি অসুস্থ ব্যক্তিকে নিয়ে আইসিসিইউতে চলে আসেন তারা। সেখানে তখন চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন করোনা রোগী।
কর্তব্যরত চিকিৎসক, নার্সরা বোঝানোর চেষ্টা করলে তাদেরও বেধড়ক মারধর করে তারা। এমনকি হাসপাতালের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। জানলার কাচ ভেঙে দেয়া হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় হাসপাতালের পক্ষ থেকে স্থানীয় থানায় ফোন করা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে কয়েকজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালের টেকনিক্যাল অফিসার দেবোপম হাজরা বলেন,' ১০-১২জনের দলে বেশ কয়েকজন মহিলা ছিলেন। প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন। কোভিড হাসপাতালে একজন সাধারণ রোগীকে ভর্তি নেওয়া যায় না, সেটুকু উপলব্ধি করার মতো জায়গায় তাঁরা ছিলেন না। রোগীকে একটি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পুলিশএসে কয়েকজনকে ধরেছে। আমরা নিরাপত্তার অভাববোধ করছি।'

Post a Comment