ফেনসিডিল গাঁজা পাচার করতে গিয়ে ধৃত বাংলাদেশি - The News Lion

ফেনসিডিল গাঁজা পাচার করতে গিয়ে ধৃত বাংলাদেশি



দি নিউজ লায়ন ;  সীমান্ত পেরিয়ে ফেনসিডিল এবং গাঁজা পাচারের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করলো বিএসএফ। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নওদা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে। এই ঘটনায় আরো ৩ থেকে ৪ জন বাংলাদেশী বিএসএফের ধাওয়া খেয়ে সীমান্তের ওপারেই পালিয়ে যায় বলে অভিযোগ। ধৃত বাংলাদেশীর কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০ টি ফেনসিডিলের বোতল এবং ২ কেজি গাঁজা উদ্ধার করেছে বিএসএফ।


 যেগুলি এপার থেকে চোরাপথে সীমান্তের ওপারে পাচার করছিল অভিযুক্তরা। সোমবার উদ্ধার হওয়া ফেনসিডিল গাঁজাসহ ধৃত বাংলাদেশিকে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফের ২৪ নম্বর ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশীর নাম মনিরুল ইসলাম (২৫)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাটোলা এলাকায়। রবিবার গভীর রাতে নওদা এলাকার সীমান্তের ওপার থেকে চার থেকে পাঁচ জন বাংলাদেশি দুষ্কৃতী মাদকদ্রব্য নেওয়ার জন্য এপারেই আসার চেষ্টা করছিল। ইতিমধ্যে একজন সীমান্ত টপকিয়ে মাদক গুলি নিয়ে ওপারে পালাবার চেষ্টা করে। তখনই কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা ধাওয়া করে ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করে ফেলে‌। বাকি দুষ্কৃতীরা সীমান্তের ওপারেই পালিয়ে যায়। 


এদিকে বিএসএফের একটি সূত্র থেকে জানানো হয়েছে, চলতি বছর এখনো পর্যন্ত সীমান্তে নানা অপরাধমূলক ঘটনায় ৬৪ হাজার ফেনসিডিলের বোতল উদ্ধার হয়েছে। বিভিন্ন ঘটনায় দুই পারের বেশকিছু মাদক কারবারীদের গ্রেপ্তার করেছে বিএসএফ। সীমান্তে বিএসএফের যে কড়া নজরদারি নিয়মিত চলছে, তা আরও একবার এদিনের ঘটনায় প্রমাণ করে দিয়েছে বলে মালদার বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিকে এই মাদক কারবারি গ্রেফতারের ঘটনার পর তদন্ত শুরু করেছে বিএসএফ এবং সংশ্লিষ্ট থানার পুলিশ কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.