স্টাফ স্পেশাল ট্রেনে ওঠা নিয়ে সংঘর্ষ লিলুয়া স্টেশনে - The News Lion

স্টাফ স্পেশাল ট্রেনে ওঠা নিয়ে সংঘর্ষ লিলুয়া স্টেশনে



দি নিউজ লায়ন ;  স্পেশাল ট্রেনে  ওঠা নিয়ে সোমবার রণক্ষেত্র চেহারা নিল লিলুয়া স্টেশন। আরপিএফ-এর সঙ্গে দফায় দফায় বচসায় জড়ালেন নিত্যযাত্রীরা। ভাঙচুরের চেষ্টা করা হয় স্টেশন ম্যানেজারের ঘর। সূত্রের খবর, সোমবার সকাল সাতটা নাগাদ লিলুয়া স্টেশনে স্টাফ স্পেশাল ট্রেনে কয়েকজন যাত্রী উঠে পড়েন। কর্তব্যরত আরপিএফ কর্মীরা তাদের বাধা দিতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়।


 টিকিট পরীক্ষক এবং আরপিএফ-এর সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় রেলযাত্রীদের। রেল অবরোধ শুরু করেন ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে লিলুয়া স্টেশনে যখন এই পরিস্থিতি তখন হুগলীর চুঁচুড়া স্টেশনে রেল অবরোধ শুরু করেন নিত্যযাত্রীদের একাংশ। তাদেরও দাবি স্পেশাল ট্রেনে তাদের উঠতে দিতে হবে এবং অবিলম্বে লোকাল ট্রেন চালু করতে হবে। রেললাইনে লোহার পাত ফেলে অবরোধ করেন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশের বিশাল বাহিনী। 


যদিও অবরোধকারীরা সংখ্যায় বেশি থাকায় তারা পিছু হটে। দু'ঘণ্টার বেশি সময় অবরোধ চলার পর রেলের আশ্বাসে অবরোধ তুলে নেন নিত্যযাত্রীরা। তবে তাদের হুঁশিয়ারি, চলতি সপ্তাহের মধ্যেই হয় স্পেশাল ট্রেনে তাদের উঠতে দিতে হবে আর না হলে লোকাল ট্রেন পরিষেবা চালু করতে হবে। না হলে ফের টানা অবরোধের পথে হাঁটবেন তারা। যদিও একটি সূত্রের দাবি, লোকাল ট্রেন চালানোর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষ তাদের কিছু জানায়নি। এর আগে আগস্টের শেষের দিকে লোকাল ট্রেন চালু করা নিয়ে প্রাথমিক বৈঠক করেছিলেন রেলের আধিকারিকরা। 


তখন মনে করা হয়েছিল সেপ্টেম্বরে লোকাল ট্রেন পরিষেবা চালু করা যাবে। সেই মতো বিভিন্ন স্টেশনে সামাজিক দূরত্ব মেনে গণ্ডী কাটার কাজ শুরু করেছিলেন রেলকর্মীরা। এমনকি লাইন পরীক্ষার কাজ সেরে রাখা হয়েছিল কিন্তু তারপর আর কোন সবুজ সঙ্কেত না মেলায় লোকাল ট্রেন চালু করা যায়নি তবে লোকাল ট্রেন চলবে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি রেল কর্তৃপক্ষ।


 অন্য একটি সূত্রের দাবি, রেল হাওড়া বর্ধমান শাখা এবং শিয়ালদা দক্ষিণ, শিয়ালদা মেন শাখার বিভিন্ন স্টেশনে সমীক্ষা চালিয়ে দেখেছে ব্যস্ত সময় এই সব শাখার এমন কিছু স্টেশন রয়েছে  যেখানে লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। করোনা পরিস্থিতিতে এই ভিড় সামাল দেয়ার মত পরিকাঠামো তাদের নেই। তাই লোকাল ট্রেন চালুর কথা ভেবেও পিছিয়ে যায় রেল। 


যদিও যেভাবে গত তিনদিনে লাগাতার বিভিন্ন স্টেশনে বিক্ষোভ হচ্ছে তাতে চিন্তায় পড়েছে রেল। শুক্রবার সোনারপুর স্টেশন দিয়ে বিক্ষোভ শুরু হয়েছিল। রবিবার হুগলি, পান্ডুয়া এবং খন্ন‍্যান স্টেশনে রেল অবরোধ হয় আর সোমবার বিক্ষোভ হলো লিলুয়া এবং চুঁচুড়া স্টেশনে। আগামী দিনে এই বিক্ষোভ আরো বাড়বে বলে মনে করছেন আধিকারিকদের একাংশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.