পুজোর খরচ বাঁচিয়ে বেলুড় মঠে খাদ্য ও ত্রাণসামগ্রী তুলে দিলেন পুজো উদ্যোক্তারা। - The News Lion

পুজোর খরচ বাঁচিয়ে বেলুড় মঠে খাদ্য ও ত্রাণসামগ্রী তুলে দিলেন পুজো উদ্যোক্তারা।



দি নিউজ লায়ন ;   আসন্ন শারদোৎসবের আবহে দরিদ্র ও প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাতে তাঁদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নিলেন হাওড়ার রামকৃষ্ণ স্বামীজী স্মৃতি সংঘ। এবছর কোভিড পরিস্থিতিতে দূর্গাপুজোর খরচ কমিয়ে তাঁরা প্রায় আড়াই টন চাল, ১২ বাক্স তেল, দুই বস্তা ডাল সহ খাদ্যসামগ্রী বেলুড় রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দিয়েছেন।


 মঙ্গলবার সকালে সমবায় মন্ত্রী অরূপ রায়, ক্লাবের কর্ণধার সত্যব্রত সামন্ত ও বালি কেন্দ্র ক্লাব সমন্বয় সমিতির কর্ণধার ভাস্কর গোপাল চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এই সামগ্রী বেলুড় রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেওয়া হয়। মন্ত্রী অরূপ রায় বলেন, হাওড়া রামকৃষ্ণ স্বামীজী স্মৃতি সংঘ এবারে কোভিড পরিস্থিতিতে পুজোর আড়ম্বর কমিয়ে বেলুড় মঠ কর্তৃপক্ষের হাতে কিছু খাদ্যসামগ্রী ও ত্রাণসামগ্রী আজ তুলে দিলেন গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য।


 বেলুড় মঠ সারা বিশ্বেই আর্ত মানুষের সেবার কাজ করে থাকে। মা দূর্গার কাছে আমাদের সকলের প্রার্থনা আমরা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারি। এবার কোভিড পরিস্থিতিতে পুজো একটু অন্যরকম। সরকারের স্বাস্থ্য দফতরের তরফ থেকে বলা হচ্ছে ভিড় এড়িয়ে চলুন। আমরাও সকলের কাছে অনুরোধ জানাচ্ছি পুজোয় ভিড় এড়িয়ে চলুন। মাস্ক ব্যবহার করুন।স্বাস্থ্য দফতরের নির্দেশ মেনে চলুন। 


স্বামী দিব্যানন্দজী মহারাজ বলেন, আজকে মাননীয় মন্ত্রী অরূপ রায় নিজে উদ্যোগ নিয়ে একটি সংগঠনের মাধ্যমে কিছু ত্রাণসামগ্রী আমাদের হাতে তুলে দিয়েছেন। আমরা খুব আনন্দিত। আমরা এই ত্রাণসামগ্রী যাদের বিশেষ প্রয়োজন এমন মানুষকে বিতরণ করব। এখনও অনেক মানুষের কাছেই পর্যাপ্ত পরিমাণ অন্ন নেই। অনেকের হয়তো রেশন কার্ড নেই। তাদের পাশে দাঁড়াতে হবে। 


পুজোর আগে এটা একটা উপহার। করোনা ও আমফান পরিস্থিতিতে আমরা মঠের তরফ থেকে অনেক ত্রাণকাজ করেছি। সুন্দরবন থেকে শুরু করে হাওড়ায় প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। যেখানে মানুষের অন্নের অভাব হয়েছে সেখানেই আমরা পৌঁছে গিয়েছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.