ঢাকা ছাড়ছেন রীভা গাঙ্গুলি - The News Lion

ঢাকা ছাড়ছেন রীভা গাঙ্গুলি




ঢাকা প্রতিনিধি: বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে ঢাকা ছাড়ছেন রীভা গাঙ্গুলি দাশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ফিরে আসছেন ভারতে। দায়িত্ব নিচ্ছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে দায়িত্ব। কূটনৈতিক সূত্রে জানা গেছে, রীভা গাঙ্গুলি দাশের আরো আগেই নয়াদিল্লিতে ফেরার কথা ছিল। বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক সভা-জেসিসি বৈঠকের কারণে তা পিছিয়ে যায়। 


জেসিসি বৈঠক শেষ করার এক দিন পরই তিনি ভারতে ফিরছেন। ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকা থেকে বিদায় নেওয়ার পরে আসেন রীভা গাঙ্গুলি দাশ। তিনি ঢাকার ভারতীয় মিশনে হাইকমিশনার হিসেবে যোগ দেন গত বছর ১ মার্চ। তবে ঢাকা রীভা গাঙ্গুলির জন্য নতুন জায়গা ছিল না। এর আগেও তিনি ঢাকার ভারতীয় হাইকমিশনের সাংস্কৃতিক শাখার প্রধান ছিলেন। 


ঢাকায় আসার আগে রীভা গাঙ্গুলী দাস ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) মহাপরিচালক ছিলেন। এই পেশাদার কূটনীতিক ১৯৮৬ সালে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।  তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 


রীভা গাঙ্গুলী দাস স্পেন থেকে তার ৩৩ বছরের কূটনৈতিক কর্মজীবন শুরু করেন। এরপর তিনি সদর দপ্তরে বহিঃপ্রচার, নেপাল এবং পাসপোর্ট ও ভিসাসংক্রান্ত বিভাগে দায়িত্ব পালন করেছেন।  ভারতের বিদেশ মন্ত্রণালয়ের জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য পরিবেশগত সমঝোতায় অংশ নেন।


 নেদারল্যান্ডসের হেগে অবস্থিত ভারতীয় দূতাবাসের উপপ্রধানের দায়িত্বে ছিলেন রীভা গাঙ্গুলী দাস। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি সাংহাইয়ে ভারতীয় কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। চীন থেকে ফিরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগ এবং লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান বিভাগের নেতৃত্ব দেন।  তিনি একই সঙ্গে রোমানিয়া,আলবেনিয়া ও মলদোভায় ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে এবং পরে নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। 


এদিকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেএব ঢাকায় আসছেন বিক্রম দোরাইস্বামী। নয়াদিল্লি থেকে আগামী শনিবার তিনি রওনা হবেন। ত্রিপুরা হয়ে বাংলাদেশে আসবেন আগামী সোমবার। আগামী সপ্তাহের শেষে বিক্রম দোরাইস্বামীর বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার কথা রয়েছে। এরপর বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে তার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করার কথা রয়েছে

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.