পশ্চিমবঙ্গ ও কেরল থেকে ৯ আল কায়দার সদস্য গ্রেফতার
দি নিউজ লায়ন ; পশ্চিমবঙ্গ রাজ্যে বসেই চলছিলো ভারতের রাজধানী নয়াদিল্লিতে বড়োসড়ো নাশকতার ছক। কিন্ত তার আগেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে গ্রেফতার করা হলো জঙ্গি সংগঠন আল কায়দার ৬ সদস্যকে। একইসঙ্গে কেরল থেকেও গ্রেফতার করা হয়েছে ওই সংগঠনের আরও ৩ জনকে। মোট ৯ জন আল কায়দার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এনআইএ সুত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় নাজমুস সাকিব, আবু সুফিয়ান, মইনুল মন্ডল, লিউ ইয়ান, আল মামুন এবং আতিকুর রহমানকে। বাকি একজনের নাম জানা যায়নি।
গোয়েন্দাদের দাবি, এরা প্রত্যেকেই জঙ্গি সংগঠন আল কায়দার ভারতীয় শাখার সক্রিয় সদস্য। পাশাপাশি একইসঙ্গে কেরল রাজ্যের এর্নাকুলামে অভিযান চালিয়ে এনআইএ সেখান থেকে গ্রেফতার করে মুর্শিদ হাসান, ইয়াকুব বিশ্বাস এবং মোশারফ হোসেনকে।এনআইএ সুত্রে জানা গিয়েছে, কেরল থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দুই জনের বাড়ি মুর্শিদাবাদ জেলায়।
মূলত মুর্শিদাবাদ থেকেই গোটা নেটওয়ার্ক চালাচ্ছিলো তারা। ধৃতদের কাছ থেকে বিস্ফোরক, ধারালো অস্ত্র, আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস), বডি আর্মার সহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, আল কায়দার এই ভারতীয় শাখা কায়দাতুল জিহাদ বা আল কায়দা ইন সাব কন্টিনেন্ট বহুদিন থেকেই পাকিস্তানে বসে তাদের সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা সদস্য সংগ্রহ করছে বলেও জানতে পেরেছেন ভারতের কেন্দ্রীয় গোয়েন্দারা।
গোয়েন্দাদের দাবি, এই মডিউলটির মূল পরিকল্পনা ছিলো রাজধানী দিল্লির বেশ কয়েকটি গুরুত্বপূর্ন এলাকাতে হামলা চালিয়ে নিরীহ মানুষদের হত্যা করা। এনআইএ সুত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের মাটিতে জামাতুল মুজাহিদিনের সালাউদ্দিন পন্থী একটি সংগঠন দীর্ঘদিন ধরেই আল কায়দার সংগঠনকে এই রাজ্যে ছড়িয়ে দিতে সাহায্য করছে। গোয়েন্দাদের সন্দেহ, এই মডিউলের সঙ্গে জামাতের যোগ রয়েছে।

Post a Comment