রমনা বাগান থেকে উধাও দশদিনের চিতা বাঘ শাবক
দি নিউজ লায়ন ; বর্ধমানের রমনা বাগান মিনি জু থেকে চিতা বাঘের শাবক উধাও হয়ে গেলো। মঙ্গলবার সকাল থেকে মাত্র ১০ দিনের চিতাবাঘ শাবকের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর পাওয়া গিয়েছে। এদিন সকালে রামনা বাগান মিনি জু'র কর্মীরা এনক্লোজারয়ে গিয়ে দেখেন চিতাবাঘ শাবকটি সেখানে নেই। তন্ন তন্ন করে খোঁজার পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল কেউ এনক্লোজার ভেঙে বা অন্য কোনোভাবে চিতাবাঘ শাবকটিকে চুরি করেছে। যদিও এনক্লোজারের বাইরে থাকা একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজে কোন বহিরাগতের প্রবেশের প্রমাণ মেলেনি বা চিতাবাঘ শাবকটিকে কেউ সরিয়ে নিয়ে যাচ্ছে এমন কোন তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সোমবার রাতে কোন সময় চিতাবাঘ শাবকটির মৃত্যু হয় তারপর মা চিতাবাঘ শাবকটিকে খেয়ে ফেলেছে।
মা চিতাবাঘের মলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট আসার পর বিষয়টিতে নিশ্চিত করে কিছু বলা যাবে বলে মিনি জু'র পক্ষ থেকে জানানো হয়েছে। গত ১২ সেপ্টেম্বর রমনা বাগানের মুখ্য আকর্ষণ চিতা বাঘ ধ্রুব ও কালীর একটি শাবকের জন্ম হয়। জন্মের পর থেকে সুস্থ ছিল চিতাবাঘ শাবকটি। এমনকি সোমবারও তার স্বাস্থ্য পরীক্ষায় কোন রকম অস্বাভাবিকতা ছিল না বলে সূত্রের খবর।
জেলা বনাধিকারিক দেবাশীষ শর্মা জানিয়েছেন, আচমকাই মা চিতা বাঘের কাছে সদ্যজাত শাবক কে দেখতে না পেয়ে প্রাথমিকভাবে খোঁজাখুঁজির পর সন্দেহ করা হয়েছিল কোনোভাবে শাবকটিকে খাঁচা থেকে নিয়ে কেউ পালিয়েছে। কিন্তু বাঘের এনক্লোজারের বাইরে থেকে রমনা বাগানের বিভিন্ন জায়গার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে বোঝা গেছে শাবকটিকে অন্তত কেউ ভিতর থেকে বের করে নিয়ে যায়নি।
তবে ফরেস্টের পশু চিকিৎসকদের সঙ্গে আলোচনার পর মা চিতা বাঘের মলের নমুনা পরীক্ষা করে দেখা গেছে মলের মধ্যে বেশ কিছু লোম এবং ছোট হাড় রয়েছে। এর থেকে সন্দেহ করা হচ্ছে মা চিতাই তার শাবককে খেয়ে নিয়েছে। শাবকের উধাও হয়ে যাওয়ার কারণ সঠিক ভাবে জানার জন্য মা চিতার মল ডিএনএ টেস্টের জন্য কলকাতা পাঠানো হচ্ছে।

Post a Comment